■ বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ :
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর-এর আয়োজনে আজ ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার কলেজ ক্যাম্পাসে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে আগত এয়ার কমডোর মোঃ আব্বাস আলী, জিইউপি, বিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, স্টেশন কমান্ডার, বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন, শমশেরনগর এর বরণীয় উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিপূর্ণতা পায়।
এই বর্ণাঢ্য আয়োজনে আরও উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রাহাত শামস্, বিপিপি, পিএসসি, গ্রুপ ক্যাপ্টেন শেখ জাকির আহমেদ, পিএসসি, এসএসও, শিক্ষা পরিদপ্তর, বিমান বাহিনীর অফিসারবৃন্দ, পুলিশ সুপার, মৌলভীবাজার এবং জেলা ও উপজেলার আমন্ত্রিত উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।
বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত এই কলেজটি শিক্ষার্থীদের ভবিষ্যতে সকল ক্ষেত্রে আত্মপ্রত্যয়ী হয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করে আসছে। এরই ফলশ্রুতিতে এই কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক পরীক্ষায় পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে আসছে। তাদের এই অসাধারণ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে এবং উদ্দীপনা জোগাতে প্রতি বছর আয়োজন করা হয় এই বিশেষ মনোমুগ্ধ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানের মঞ্চে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মোহিত করে রাখে। নাচ, গান, আবৃত্তিসহ নানা শিল্পকর্মে তারা নিজেদের প্রতিভার উজ্জ্বল বহিঃপ্রকাশ ঘটায়। অনুষ্ঠানের শেষ পর্বে স্কুল ও কলেজ শাখার বিভিন্ন শ্রেণির ১ম স্থান অধিকারী কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এছাড়াও ২০২৬ সালের নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার প্রশংসা করেন। সাংস্কৃতিক কর্মকান্ডসহ সহশিক্ষা কার্যক্রমের সকল বিষয়ে এই কলেজের শিক্ষার্থীরা পরিপূর্ণ মূল্যবোধ অর্জনের মাধ্যমে বিশ্বমানের সুযোগ্য আলোকিত ব্যক্তি হয়ে জাতির গর্বিত সন্তান হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, সফল এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম সৃষ্টি করে এবং তাদের অনুপ্রেরণা জোগায়। সংস্কৃতির আলোয় উদ্ভাসিত এই আয়োজন সবার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
© 2023 - Bangladesh Air Force Shaheen College Shamshernagar & All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited.